ওয়েবএক্সের উন্নয়নে স্লাইডো কিনছে সিসকো

৮ ডিসেম্বর, ২০২০ ০১:৪০  
ভিডিও কনফারেন্সিং বাজারে জুম যেখানে জনপ্রিয়তা ও মার্কেট শেয়ারে তুঙ্গে আছে সেখানে নিজেদের অবস্থান আরও এগিয়ে নিতে প্রানান্ত চেষ্টা চালাচ্ছে সিসকো। এরই ধারাবাহিকতায় ওয়েবএক্স ডিভিশন নতুন অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। বিভিন্ন ভার্চুয়াল সম্মেলন এবং লাইভ ইভেন্টের প্রশ্নোত্তর পরিচালনা সেবাদানকারী প্রতিষ্ঠান স্লাইডোকে অধিগ্রহণ করছে সিসকো। তবে কি পরিমান অর্থের মাধ্যমে বা কোন শর্তে এই অধিগ্রহণ সম্পন্ন হবে সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ২০১৩ সালে প্রতিষ্ঠিত স্লোভাকিয়াভিত্তিক স্লাইডো এর আগে মাত্র ৪০ হাজার ডলার ফান্ড অর্জন করতে সক্ষম হয়েছিলো। ব্যবসায়টি ততোটা লাভজনক না হলেও সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানকে কোম্পানিটি সেবা দিয়েছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি ৭০ লাখ গ্রাহক রয়েছে। সিসকো তাদের ওয়েবএক্সে সরাসরি স্লাইডোর প্লাটফর্মটি ইন্টিগ্রেট করতে পারবে। এর ফলে ভিডিও প্লাটফর্মটিতে ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়বে। প্রশ্নোত্তর, পোল ইত্যাদি পরিচালনা সহজ হবে। ডিবিটেক/বিএমটি